রাঙামাটিতে চিকিৎসা ও ওষুধ নিয়ে মানুষের পাশে সেনাবাহিনী
সেবা পেলেন ৮০০ জন রোগী
চিকিৎসা ও ওষুধ নিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে রাঙামাটি সদর হাসপাতালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮০০ জন রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেন রাঙামাটি রিজিয়ন ও সিএমএইচের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ এবং বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।
আয়োজকেরা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার পর্যাপ্ত সুযোগ না থাকায় প্রান্তিক জনগোষ্ঠীর একটি অংশ নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এসব মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে বিনা মূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন রাঙামাটি সদর জোন কমান্ডার লে : কর্নেল মো: একরামুল রাহাত। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি ক্যাম্পে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চান।
জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গমতা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে রয়েছে। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর পরিধি আরও বাড়ানো হবে।
আয়োজকেরা বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়তা করছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হচ্ছে।
এসময় জেলা সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ শওকত আকবর খানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



