একজন পাহাড়ীকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার দাবীতে বান্দরবানে মানববন্ধন

১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য মন্ত্রণালয়ে একজন পাহাড়ী ব্যক্তিকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান, বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়ন করার দাবীতে বান্দরবানে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজ।

আজ রোববার (২১জুন) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সিএইচটি রাইটার্স ইউনিয়ন ফোরামের বান্দরবান শাখার সাধারণ সম্পাদক ক্য সা মং মারমা”র সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ একটি সজিরবিহীন ঘটনা।

NewsDetails_03

বক্তারা আরও বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় কী কারনে দীপেন দেওয়ান মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ালেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে অবিলম্বে মন্ত্রণালয় পূর্ণগঠন এবং একজন উপজাতীয় ব্যক্তিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার দাবী জানান তারা।

মানব বন্ধনে বক্তব্য দেন, কার্বারী মংক্যচিং মারমা,ছাত্রনেতা উক্যমং মারমা এবং আদিবাসী ফোরাম বান্দরবান শাখার সাধারণ সম্পাদক উছো মং মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান চলতি মাসের ১জুন শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে মন্ত্রী সভা থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন