রাঙামাটির জুরাছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ সোমবার জুরাছড়ি জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোন থেকে একটি টহল দল জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি এবং ক্যাপ্টেন মো. শাহরিয়ার পারভেজের নেতৃত্বে নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরে সেনাসদস্যরা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালিয়ে কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হন। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও বনসম্পদ সংরক্ষণে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।



