কাপ্তাইয়ে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব উদযাপন

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্র ইসকন মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহোৎসব উদযাপন করা হয়।

সকাল ৬টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৭টায় দর্শন আরতি ও গুরুপূজা এবং সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বেতার ও টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত। দুপুর ১২টায় ভোগ আরতি ও আলোচনা সভা এবং দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারীর মেখল শ্রী শ্রী পুণ্ডরীকধামের সহসভাপতি ও প্রধান পূজারি শ্রীপাদ রামানন্দ গোবিন্দ দাস ব্রহ্মচারী।

চন্দ্রঘোনা মিশন এলাকার শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট প্রচার কেন্দ্রের সভাপতি শ্রীমান পালক মাধব দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রী শ্রী পুণ্ডরীকধাম উত্তর জেলা নামহট্টের সাধারণ সম্পাদক সেবাপ্রাণ কৃষ্ণ দাস এবং ভাবগ্রাহী মধুসূদন দাস ব্রহ্মচারী।

প্রধান অতিথির বক্তব্যে শ্রীপাদ রামানন্দ গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করতে ভগবান শ্রীকৃষ্ণ অন্নকূট মহোৎসবের প্রচলন করেন। ব্রজবাসীদের রক্ষায় তিনি টানা সাত দিন সাত রাত কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। এই লীলার মধ্য দিয়ে ভগবানের অসীম শক্তি, ভক্তের প্রতি তাঁর অপার করুণা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার শিক্ষা পাওয়া যায়।

তিনি আরও বলেন, অন্নকূট মহোৎসবের মূল শিক্ষা হলো ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, অন্নের মর্যাদা উপলব্ধি এবং সবার মধ্যে প্রসাদ ভাগ করে নেওয়া। এ আয়োজন শুধু পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ভক্তি, ভালোবাসা, সম্প্রীতি, মানবকল্যাণ ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে ভক্তবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুন