রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী ‘বেসিক ফরেস্ট্রি’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ সুরক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের মাধ্যমে বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


