বান্দরবান পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)র আওতায় বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় পৌরসভার প্রশাসক এস, এম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়–য়া, হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় শেলটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বান্দরবান পৌরসভার খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। এতে প্রকল্পের অগ্রগতি, সংগৃহীত তথ্য-উপাত্ত, চিহ্নিত সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। পরিকল্পনায় ২০ বছরের কৌশলগত পরিকল্পনা, ১০ বছরের নগর এলাকা পরিকল্পনা এবং পাঁচ বছরের কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। কৌশলগত পরিকল্পনার আওতায় ভূমি ব্যবহার, আবাসন ও বসতি উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ, নাগরিক সুবিধা, অর্থনীতি ও কর্মসংস্থান, পানিসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
এছাড়া নগর এলাকা পরিকল্পনায় ভূমি ব্যবহার ও উন্নয়ন ব্যবস্থাপনা, সড়ক ও নৌ যোগাযোগ, নদী-খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পয়ঃ নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নাগরিক সুবিধা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়। কর্মপরিকল্পনার অংশ হিসেবে খাতভিত্তিক সমন্বিত বিনিয়োগ পরিকল্পনা, প্রস্তাবিত প্রকল্পের ব্যয় প্রাক্কলন, অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণের মাধ্যমে খসড়া মহাপরিকল্পনাকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
প্রঙ্গত: বান্দরবান পৌরসভা ‘ক’ শ্রেণির পৌরসভা। এর আয়তন ৩ হাজার ৯২৩ দশমিক ৫৬ একর বা ১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার। পৌরসভাটিতে রয়েছে ৯টি ওয়ার্ড এবং ২০২২ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা ৫৪ হাজার ৪৫০ জন।


