বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শর্তহীন নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ১ নম্বর রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩০০ পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। বাকি ৩০০ পরিবারের মধ্যে আগামী ২২ সেপ্টেম্বর সহায়তা বিতরণ করা হবে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS)-এর সহযোগিতায় কারিতাস বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।
রোববার রোয়াংছড়ি টাউন হলে আয়োজিত নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে শর্তহীন নগদ অর্থ তুলে দেন।
এ সময় ১ নম্বর রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এ নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা সহায়তা পাবে।


