বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের ঝটিকা অভিযান, প্রকল্প পরিদর্শন

বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, অনিয়ম, নিম্নমানের কাজ ও অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২০২৫-২৬ অর্থবছরে বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের তথ্য যাচাই-বাছাই করা হয়। এ সময় দুদকের কর্মকর্তারা কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি, প্রকল্পের ফাইল, দরপত্র-সংক্রান্ত কাগজপত্র, মাস্টাররোলসহ বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন।

পরে দুদকের এনফোর্সমেন্ট টিম বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায়। সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন ও কাজের মান যাচাই করা হয়।

দুদকের সহকারী পরিচালক আবদুল আল নোমান জানান, বান্দরবানের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, টিউবওয়েল স্থাপন, রেইন ওয়াটার হারভেস্টিং ও স্যানিটেশন প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করা, নিম্নমানের কাজ এবং কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বান্দরবানের বিভিন্ন উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন ও যাচাই-বাছাই করা হবে।

অভিযানে দুদকের উপসহকারী পরিচালক রাকিব উদ্দিন মিজান, সহকারী পরিচালক নচিকতা চক্রবর্তী, বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দেসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে দুদকের আকস্মিক অভিযানের পর বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন