খেলাধুলার মানোন্নয়ন ও স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলার তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০ জন তরুণকে মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ দিয়েছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন।
রোববার (২০ সেপ্টেম্বর) গোমতী বি.কে. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি।
এতে খেলোয়াড়দের ফুটবলের আধুনিক কৌশল, বল নিয়ন্ত্রণ, পাসিং, শুটিং এবং শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, “খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করে। পাহাড়ে প্রতিভাবান ফুটবলার তৈরিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়কে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক সুলতান ভূঁইয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাহাড়ি এলাকায় এমন উদ্যোগের জন্য সেনা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।


