বান্দরবানের রুমায় পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের নিবন্ধিত শিশু ও তাদের পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী, শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন ও হাঁস বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-রুমা, বিডি০৫০৬-এর উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর বাস্তবায়নে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিডিসির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব জেমস লালথার ঙাক বম। এতে সভাপতিত্ব করেন এলসিসির সভাপতি লালভানখুম বম।
চাইল্ড প্রটেকশন অফিসার জর্জ লালটানময় ও প্রকল্পের নিবন্ধিত শিশু মারিএং খুমি সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক লালচয়সাং বম।
অনুষ্ঠানে প্রকল্পের আওতাভুক্ত ১০ জনকে সেলাই মেশিন, ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং ১৮৩ জনকে পুষ্টিকর খাদ্যসামগ্রী* বিতরণ করা হয়। এছাড়া ৫টি পরিবারের প্রত্যেককে তিনটি করে হাঁস প্রদান করা হয়। এসব সহায়তার মাধ্যমে শিশুদের পুষ্টি, শিক্ষা ও পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিশুদের পাশাপাশি তাদের পরিবারকে বিভিন্ন সহায়তার আওতায় এনে আত্মনির্ভরশীল করে তোলার এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, উপকারভোগী শিশু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


