সিএইচটি সম্প্রীতি জোটে সাংগঠনিক বিশৃঙ্খলা, অর্থ আত্মসাৎ, বিভাজন ও অনৈক্য সৃষ্টির অভিযোগ এবং অগঠনতান্ত্রিকভাবে কমিটি গঠন ও ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিএইচটি সম্প্রীতি জোটের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সিএইচটি সম্প্রীতি জোট বাঙালি-অবাঙালি সকল মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। সংগঠনের মূল উদ্দেশ্য ও সাংগঠনিক আদর্শ সমুন্নত রাখতে গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও পারস্পরিক জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সম্প্রতি সংগঠনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি ঘোষণা, সাংগঠনিক ক্ষমতার ব্যবহার, আর্থিক লেনদেন ও সংগঠনের সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উঠেছে। এসব বিষয়কে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তারা অভিযোগ করেন, সংগঠনের কয়েকজন ব্যক্তি সিএইচটি সম্প্রীতি জোটের নামে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। একই সঙ্গে কয়েকজন সাবেক নেতার বিরুদ্ধে সংগঠনের অর্থ আত্মসাৎ এবং গঠনতন্ত্র অনুসরণ না করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করার অভিযোগও করেন বক্তারা।
সমাবেশ থেকে সিএইচটি সম্প্রীতি জোটের নামে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের সব ধরনের বিভাজন ও ষড়যন্ত্র বন্ধ করে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সিএইচটি সম্প্রীতি জোটের সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন ইমন, সদস্য সাইফুল ইসলাম, আব্দুর রহিমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


