খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ইউপিডিএফের (মূল) তিন সদস্যকে অস্ত্রশস্ত্র ও নগদ অর্থসহ আটক করেছে যৌথবাহিনী।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকার রেখুং পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের লক্ষ্যসিপাড়া এলাকার থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া এলাকার সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) এবং একই ইউনিয়নের মানসিপাড়া এলাকার দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি চাকু, তিনটি ব্যাগ, এক জোড়া বোর্ড জুতা এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে, আটককৃতরা সাংগঠনিক কার্যক্রম শেষে রেখুং পাড়ার একটি বাড়িতে অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী সেখানে অভিযান চালিয়ে ভোররাতে তাদের আটক করে। পরে তাদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



