বান্দরবান শহরের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর মো. আরেফিন (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আরেফিন বালাঘাটা বাজারের ব্যবসায়ী মো. এনাম সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ জুন) দুপুরে শহরের পৌর এলাকার পাইনছড়া মুখ সংলগ্ন সাঙ্গু নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। গত শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে যায় আরেফিন। এসময় পা পিছলে নদীতে পড়ে গেলে নদীর স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজ বলেন, নিখোঁজ শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



