সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা জোন একাদশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লক্ষ্মীছড়ি জোন একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাটিরাঙ্গা জোন একাদশ।
আজ বুধবার ২৩ সেপ্টেম্বর বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে মাটিরাঙ্গা জোন একাদশের ফরোয়ার্ড আসাদ ভূঁইয়ার হ্যাটট্রিকসহ (তিন গোল) এবং লামপাড়ার এক গোলে ৪-০ ব্যবধানে জয় পায় মাটিরাঙ্গা।
ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. এরশাদুল আলম, সহকারী ছিলেন রাশেদুল কবির ও নজরুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক ফোরকান হোসেন সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউর রহমান, মাটিরাঙ্গা জোনের জেডএসও মেজর সামিউল হক।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসিম উদ্দিন জয়নালসহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল জানান, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় করতেই এ আয়োজন।


