রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি (ইসলামপুর) এলাকায় গৃহবধূ আয়েশা বেগম (৪৯) হত্যার ঘটনায় দ্রুত রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত আনুমানিক ৮টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে বরকল থানাধীন শুভলং পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সাব্বির খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ১নং শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরুনাছড়ি (ইসলামপুর) এলাকার বাসিন্দা রফিজুল হকের স্ত্রী আয়েশা বেগমকে নিজ বসতঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।

এ ঘটনায় ২২ জুন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় লিখিত এজাহার দায়ের করলে পেনাল কোডের ৪৪৮/৩৯৪/৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় বরকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাব্বির খান বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের ধারাবাহিকতায় গত ২৪ জুন সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ সোহাগ (১৭) এবং ওমর আলী (১৯)।
পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোহাগের বাড়ির পাটাতনের ওপর লুকিয়ে রাখা পলিথিন থেকে ১ লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া ওমর আলীর দেখানো মতে তার বাড়ির পাশের করলা বাগানে মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের পাত্র থেকে আরও ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে মোট ১ লাখ ৯৯ হাজার টাকা লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



