জলেভাসা জমি পানির নিচে, ক্ষতির শঙ্কা

রাঙামাটির কাপ্তাই হ্রদ-এর পানি ধীরগতিতে কমতে থাকায় চলতি বোরো মৌসুমে জলেভাসা জমির চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।

প্রতি বছর শুষ্ক মৌসুমে হ্রদের পানি নেমে গেলে ভেসে ওঠা জমিতে বোরো ধানসহ বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। তবে এবার মৌসুমের মাঝামাঝি সময়েও অধিকাংশ জমি পানির নিচে থাকায় চাষাবাদ শুরু করতে পারছেন না কৃষকরা।

NewsDetails_03

স্থানীয় কৃষকদের অভিযোগ, জানুয়ারি-‌ফেব্রুয়ারী মাসে চাষাবাদ শুরুর কথা থাকলেও এবার মা‌র্চের শেষ পর্যন্ত জমি পানিমুক্ত না হওয়ায় ধানের চারা রোপণ বিলম্বিত হচ্ছে। এতে সময়মতো ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় প্রায় ৭ হাজার ৬৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু হ্রদের পানি দেরিতে কমায় সেই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে কিছু উঁচু জমিতে চাষাবাদ শুরু হলেও বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের দাবি, নৌ চলাচল স্বাভাবিক রেখে দ্রুত হ্রদের পানি কমানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় চলতি মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা।

আরও পড়ুন