দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার আহ্বান

বৈরী আবহাওয়ায়ও থামেনি দাবি

বৈরী আবহাওয়া উপেক্ষা করেও রাঙামা‌টিতে আবারও রাজপথে নেমেছেন সর্বস্তরের নাগরিক সমাজ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে সদ্য পদত্যাগ করা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনর্বহাল এবং প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘রাঙামা‌টি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। একপর্যায়ে মানববন্ধনটি জনসমুদ্রে রূপ নেয়।

রাঙামা‌টি প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ইন্দু লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বালুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিজর গিরি চাকমা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামা‌টি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পল্লী চিকিৎসক দলের সাধারণ সম্পাদক নবাশীষ চাকমা, বিলাইছড়ি উপজেলার সচেতন নাগরিক প্রতিনিধি ইমাম হোসেন, সংস্কৃতিকর্মী নীতি ভূবন চাকমা এবং নাগরিক সমাজের নেতা ইন্টু মনি তালুকদারসহ আরও অনেকে।

NewsDetails_03

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামা‌টি-২৯৯ আসন থেকে দীপেন দেওয়ান দেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষের আস্থাভাজন ও জনপ্রিয় নেতা। অথচ দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের প্রত্যাশা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদে পুনর্বহাল করা হোক। একই সঙ্গে প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণ করে পাহাড়ের একজন যোগ্য প্রতিনিধির হাতেই এ মন্ত্রণালয়ের নেতৃত্ব রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে বিপুল সংখ্যক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

আরও পড়ুন