বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন
থাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। আজ ১৮ নভেম্বর (বুধবার) সকালে বান্দরবান সদরের কেন্দ্রীয় মন্দিরের আওতাধীন প্রাঙ্গনে এই পূজা শুরু হয়।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজার আনুষ্টানিকতা শুরু হয়। এরপর চলে জগদ্ধাত্রী মায়ের পূজা, ভোগ নিবেদন, পুস্পাঞ্জলি প্রদান, আরতি প্রতিযোগিতা এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে সকাল থেকে সনাতন ধর্মালম্বী নর-নারীরা পূজা মন্ডপে উপস্থিত হয়ে ধর্মীয় প্রার্থনায় সমবেত হয়। এসময় সকলে জগতের সুখ শান্তি প্রত্যাশার পাশাপাশি নিজ নিজ মনোবাসনা পূর্ণ করার জন্য জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করে।
জগদ্ধাত্রী পূজা দুর্গা পূজার আরেক রুপ। কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালন করে সনাতন ধর্মালম্বীরা, আর একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়। দূর্গা পূজার পরপরই এই পূজা পালন করে সনাতনী সম্প্রদায়ের নর-নারীরা।
আগামী ১৯নভেম্বর (বৃহস্পতিবার) সকালে দশমী পূজা শেষে পুস্পাঞ্জলী প্রদান, রাতে সাংস্কৃতিক আয়োজন। ২০ নভেম্বর (শুক্রবার) সকালে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি হবে সনাতনী ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় এই শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা।



