নাইক্ষ্যংছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে ৭৪ জন ভাতাভোগী সদস্য ও সদস্যার মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহারের মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, নুডুলস, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, সুজি এবং লোগো সংবলিত শপিং ব্যাগ।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আশু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং গ্রামীণ নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে ভিডিপি সদস্যদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

NewsDetails_03

ঈদ উপহার পেয়ে ভাতাভোগী সদস্য ও সদস্যারা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

ঈদ উপহার পেয়ে হিল ভিডিপি নূর হোসেন বলেন, “ঈদের আগে এমন উপহার পেয়ে আমরা খুব আনন্দিত। আমাদের মতো সাধারণ সদস্যদের কথা চিন্তা করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

দলনেত্রী সেকোপতারা বেগম বলেন, “এই উপহার আমাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছি।”

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আশু বড়ুয়া বলেন, “ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার পেয়ে প্রত্যেক ভাতাভোগী সদস্যরা আনন্দিত ও পুলকিত। নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি পরিবারের পক্ষ থেকে মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। দেশের মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাম পর্যায়ে যে কোনো অপরাধ নির্মূলে আপনাদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।”

আরও পড়ুন