নাইক্ষ্যংছড়িতে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিন লক্ষ টাকা জরিমানা আদায়, বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ এবং স্কেভেটর দিয়ে ইটভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির মালিকানাধীন বিবিএম ব্রিকস ও শাহরিয়ার মো. বাবুর মালিকানাধীন এসএমবি ব্রিকস নামের দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

অভিযানে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং সেখান থেকে দুই হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। একই অপরাধে এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

NewsDetails_03

এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং– ১২০৪/২০২২ এর নির্দেশনা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে স্কেভেটর মেশিন ব্যবহার করে উভয় ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এবং উপজেলা আনসার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,“অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও আরও ব্যাপক পরিসরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন