রাঙামাটিতে বিএনপি, জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পার্বত্য রাঙামাটিতে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন—বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। এছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ বাশার, খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা, ইসলামি আন্দোলনের প্রার্থী মোঃ জসিম উদ্দিন, মনোনয়নপত্র জমা দেন।
সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। পরে দুপুর সাড়ে ১২টায় জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ এবং দুপুর ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৩টায় জমা দেন গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ বাশার।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, রাঙামাটির প্রায় ৫ লাখ ৯ হাজার ভোটার সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।
বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে অপেক্ষায় রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণের রায় অবশ্যই প্রতিফলিত হবে।
জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


