ফ্যাসিবাদের প্রথম হাতিয়ার ছিল সাংবাদিকতা : পিআইবি মহাপরিচালক
ফ্যাসিবাদের প্রথম হাতিয়ার ছিল সাংবাদিকতা। নানা রকম বয়ান তৈরি করে ফ্যাসিবাদ সে সময় মিডিয়ার মাধ্যমে প্রচার করতো। ওয়ান-ইলেভেনও তৈরি করেছে এসব মিডিয়া। অথচ, তারা এখনও অনুতপ্ত নন। এখনও তারা মিথ্যা বয়ানের সংবাদ পরিবেশনে ব্যস্ত।— রাঙামাটিতে অনুষ্ঠিত ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এভাবেই বক্তব্য রাখেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
তিনি আরও বলেন, সাংবাদিক নিজেই একটি প্রতিষ্ঠান—এটা অনেকেই মানতে চান না। প্রশিক্ষণের মাধ্যমে দেশের গণমাধ্যমের মান উন্নত করাই মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে এআই-চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হলে যথাযথ তথ্য সাহসের সঙ্গে উপস্থাপন করতে হবে। গত দেড়যুগ মিডিয়া কথা বলতে পারেনি। এ কারণেই অনিয়ম, অপরাধ ও অরাজকতা ধামাচাপা পড়ে ছিল। কিন্তু মিডিয়া এখন স্বাধীন বলেই তা দিনের আলোর মতো স্পষ্ট।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভুইয়া।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভুইয়া বলেন, মিডিয়ার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আন্তরিক। সাংবাদিকতা একটি কঠিন কাজ। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ করতে হয়। তথ্যপ্রযুক্তির যুগে সঠিক তথ্য উপস্থাপন করা এখন বড় চ্যালেঞ্জ। নীতিনৈতিকতা মেনে দায়িত্বশীল সাংবাদিকতা করা উচিত, সঠিক সাংবাদিকতা সমাজের দর্পণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক। বক্তব্য রাখেন পিআইবির সিনিয়র প্রশিক্ষক গোলাম মোরশেদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ সোলায়মান, বিটিভি প্রতিনিধি জাহেদা বেগম, প্রথম আলো প্রতিনিধি মিকেল চাকমা এবং আরটিভি প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল।
প্রশিক্ষণে অংশ নেন রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। এতে ডিজিটাল মিডিয়ার ব্যবহার, তথ্য যাচাই, সংঘাত সংবেদনশীল সংবাদ লেখা, সাংবাদিকতার নীতিনৈতিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।



