বান্দরবানকে সুন্দর ভাবে সাজাতে একসাথে কাজ করতে হবে : সাচিং প্রু জেরী
বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, পর্যটন নগরী বান্দরবানকে সুন্দরভাবে সাজাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। পার্বত্য জেলা বান্দরবানের ভৌগলিক বৈচিত্র্য আর সংস্কৃতিসহ পর্যটনের অপার সম্ভাবনা থাকায় প্রতিদিনই দেশী বিদেশী প্রচুর পর্যটক বান্দরবানে আগমন করছে আর তাদের কাছে বান্দরবানকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে আমাদের পরিকল্পিতভাবে কাজ করা ও চারপাশে পরিস্কার পরিছন্ন রাখতে হবে।
আজ শনিবার (১৫ আগষ্ট) সকালে বান্দরবানের বাসস্টেশান এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর বাস্তবায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরী সহায়তা কার্যক্রম প্রকল্পের আওতায় বান্দরবানের বিভিন্ন ঝিড়ি পরিস্কার পরিছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমন মন্তব্য করেন।

এসময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান একটি পর্যটন জেলা, এই পর্যটন জেলায় প্রতিটি হোটেল-মোটেল,পর্যটকবাহী যানবাহনসহ সকল পর্যটন নির্ভর ব্যাবসাকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে হবে,বিশেষ করে পর্যটকরা যাতে পরিস্কার পরিছন্নভাবে পর্যটনকেন্দ্রে ভ্রমন করতে পারে আর হোটেল-মোটেল ও রেস্তোরাতে নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারে সেজন্য পর্যটন সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এসময় বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রæ জেরী সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিটি সংস্থা ও উদ্যোক্তাদের পরিস্কার পরিচ্ছন্নতায় মনোনিবেশ করার প্রতি গুরুত্বারোপ করেন।
পরে সংসদ সদস্য সাচিং প্রæ জেরী বাসস্টেশান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিড়ি থেকে সাংগু নদীর বিভিন্ন পয়েন্টে পরিস্কার পরিছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন।
বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আবদুল কুদ্দুছ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণাময় বড়ুয়া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল অফিসার মো.আব্দুল আজিজ, গ্রাউস এর উপ-নির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।



