বান্দরবানে নির্যাতিত ৭৫০ নেতাকর্মীকে সম্মাননা প্রদান বিএনপির

বান্দরবানে গত ১৭ বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার বিএনপি’র ৭শত ৫০ জন নেতাকর্মীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন এর হলরুমে জেলা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান ৩০০নং আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী নির্যাতিত নেতাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে মারা যাওয়া বিএনপির ত্যাগী ৫ জন নেতাকর্মীর মায়েদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

NewsDetails_03

জেলার সাতটি উপজেলায় দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নির্যাতন, মামলা-হামলার শিকার হওয়া নেতাকর্মীদের স্বীকৃতি দিতেই এই আয়েজন করা হয় বলে জানান বিএনপির নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, বিভাজন ভুলে সবাইকে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আন্দোলনে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, তারাই বিএনপির প্রাণ। এসময় তিনি ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো.ওসমান গনি, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, বিএনপি নেতা নাছির উদ্দীন চৌধুরী ও খামলাই ম্রো’সহ বিএনপির জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বান্দরবান জেলা বিএনপিতে দলটির আহবায়ক সাচিং প্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে দুইটি গ্রুপের গ্রুপিং রাজনীতি চলে আসছে। ফলে এই সন্মননা অনুষ্ঠানে দলের সদস্য সচিব জাবেদ রেজা ও তার অনুসারীরা অংশগ্রহন করেনি।

আরও পড়ুন