বান্দরবানে পবিত্র বুদ্ধ মূর্তি স্নান অনুষ্ঠিত

পুরনো বছরের গ্লানি আর জরাকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে ধর্মীয় ভাবগার্ম্বীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বুদ্ধ মুর্তি স্নান অনুষ্ঠিত হয়েছে।

বুদ্ধ মুর্তি স্নান অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষের অংশগ্রহনে বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানী পাড়ায় সাঙ্গু নদীর খেয়াঘাটে গিয়ে শেষ হয়।

এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মালম্বীরা সারিবদ্ধভাবে খালি পায়ে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বুদ্ধ মুর্তিকে স্নান করানোর জন্য পবিত্র চন্দনের জল হাতে নিয়ে সাংগু নদীর ঘাটে সমবেত হয়। এদিকে পূর্ণ্যবান এই ধর্মীয় আয়োজনে সামিল হতে পেরে খুশি দায়ক-দায়িকারা।

এসময় সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় এক ধর্মীয় দেশনা সভা। এসময় ধর্মীয় দেশনা প্রদান করেন বান্দরবান সদরের উজানী পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ড.সুবন্নলংকারা মহাথের।

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলে সমবেত প্রার্থনা করে এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন দিনের সুখ শান্তির আহবান করে। ধর্মীয় দেশনা শেষে বুদ্ধ মুর্তিকে পবিত্র চন্দন জল দিয়ে স্নান করিয়ে জাগতিক ও পরকালের শান্তি কামনা করেন পূর্নার্থীরা।

রাতে বিভিন্ন পাড়া ও মহল্লায় সাংগ্রাই উৎসব উপলক্ষ্যে পিঠা তৈরি উৎসব চলবে আর ১৫ ও ১৬ এপ্রিল দুপুরে শহরের রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক আর বিহারে বিহারে সমবেত প্রার্থনার আয়োজনের মাধ্যমে বান্দরবানে সাংগ্রাইয়ের আয়োজনের ইতি টানা হবে।

আরও পড়ুন