বান্দরবানে ফের বাড়ানো হলো ভ্রমন নিষেধাজ্ঞা

টানা বর্ষণ ও জেলার ২টি নদীতে পানি বৃদ্ধি ও পাহাড় ধসের কারনে দূর্ঘটনা এড়াতে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলে তা ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

আজ শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সানিউল ফেরদৌস জানান, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখ (বুধবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।

NewsDetails_03

তিনি আরো জানান, আগামী বুধবার পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনসহ জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।

গত কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাতের কারনে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যা ও পাহাড় ধসের আশংকায় স্থানীয়দের নিরাপদে আশ্রয় নিতে জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

আরও পড়ুন