পার্বত্য জেলা বান্দরবানে বাড়ছে হাম (Measles) রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে দুর্গম আলীকদম উপজেলার পাহাড়ি পাড়াগুলোতে এই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের শরীরে হামের উপসর্গ দেখা দিচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে বান্দরবানে সন্দেহভাজন হামের রোগী রয়েছেন ১২ জন। তারা সবাই আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় মোট ১৪৫ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন শিশুর মৃত্যু হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, সরকারি হিসাবের বাইরেও আলীকদমের কুরুকপাতা ও পোয়ামহুরী এলাকার দুর্গম গ্রামগুলোতে আরও অনেক শিশু হামে আক্রান্ত। যোগাযোগ ব্যবস্থা দুর্বল এবং নেটওয়ার্ক সংকটের কারণে অনেকেই সময়মতো হাসপাতালে যেতে পারছেন না। এছাড়া রোগ সম্পর্কে সচেতনতার অভাবও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ বিষয়ে বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং প্রতিটি উপজেলায় টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি জানান, জেলায় ৫৯ হাজার ৩৯৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৫১ হাজার ৮৪১ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।



