আলীকদমে হাম ও রুবেলার টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বান্দরবানের আলীকদমে সফলভাবে পরিচালিত হয়েছে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

গত ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টানা তিনদিন দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে মোট ১৪টি প্রত্যন্ত পাড়ায় এই সেবা পৌঁছে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আলীকদমে মোট ৮ হাজার ২৭৮ জনকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৫১৩ জনকে টিকা প্রদান করা হয়েছে। শুধু কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা দেওয়া হয়েছে।

NewsDetails_03

এছাড়া কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ চলমান থাকবে।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর এই সমন্বিত উদ্যোগকে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন