কাপ্তাই হ্রদে মাছ আহরণের নিষেধাজ্ঞার সময় ১০ দিন বৃদ্ধি
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে মাছ আহরণে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ বন্ধ থাকবে। এরপর ১১ আগস্ট থেকে পুনরায় মাছ আহরণের অনুমতি কার্যকর হবে।
আজ সোমবার (২৭ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ ও বাজারজাতকরণ-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি না পাওয়ায় এবং মাছের প্রজনন কার্যক্রম প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোয় নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ বন্ধ ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল।
সভায় উপস্থিত মৎস্য ব্যবসায়ীদের প্রতিনিধিরা জানান, হ্রদের পরিবেশ ও মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে মৎস্যসম্পদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। এতে ভবিষ্যতে জেলেরা আরও বেশি উৎপাদনের সুফল পাবেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএফডিসি, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মৎস্য ব্যবসায়ী নেতারা অংশ নেন।


