রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
রবিবার (৩ মে) বেলা ১০টা থেকে শহরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার রাতে কেন্দ্রীয়ভাবে কমিটি প্রকাশ করা হলে রবিবার সকালে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তাদের দাবি, কমিটি গঠনে প্রকৃত কর্মীদের মূল্যায়ন করা হয়নি এবং প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। তারা অভিযোগ করেন, দলীয় নীতিমালা উপেক্ষা করে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের মধ্যে চাঁদাবাজ, বিবাহিত, ফ্যাসিস্টদের দোসরও আছে বলে জানানো হয়।

দুপুরের দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা যান চলাচল বন্ধ করে দেন। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও পর্যটকদের ভোগান্তি বাড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।
এদিকে, জেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন। পরে আলোচনার ভিত্তিতে আন্দোলনকারীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
বিকেলে আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন। তবে তারা ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন।



