রাঙামাটিতে চাঁদা দাবি ও অপপ্রচারের প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি

রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজার এলাকার এক ব্যবসায়ীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আজ শনিবার জেলা শহরের বনরূপা এলাকার একটি রেঁস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. মোজাম্মেল অভিযোগ করে বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে চক্রটি তার নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনি প্রতিকার চেয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা (পিটিশন নং-১৩৯/২০২৬) দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

NewsDetails_03

ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, আমার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি সৎভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। এসব মিথ্যা অপবাদ শুধু আমাকে নয়, পুরো ব্যবসায়ী সমাজকে বিব্রত করছে।

তিনি এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে রবিউল ইসলাম ও নূর হোসেনের নাম উল্লেখ করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সোলায়মান সওদাগর, সহ-সভাপতি মো. জাকির হোসেন এবং রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শফিকসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুন