রাঙামা‌টি‌তে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব

নতুন বছ‌রের প্রথম দি‌নে রাঙামা‌টি‌তে অনুষ্ঠিত হলো অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া উৎসব। আজ বুধবার (১ জানুয়ারী) সকাল ৯টায় জেলার কুমার স‌মিত রায় জিম‌নে‌শিয়াম মাঠে ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্মসূচী ২০২৪-২০২৫এর আওতায় রাঙামা‌টি জেলা ক্রীড়া অফিস খেলা ও আনন্দ উৎসবের আয়োজন করে। এ আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামা‌টি পার্বত্য জেলা প‌রিষদ চেয়ারম্যান কৃ‌ষি‌বিদ কাজল তালুকদার।

চেয়ারম্যান কৃ‌ষি‌বিদ কাজল তালুকদার ব‌লেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও মূল ধারায় আনতে পারিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। শিশুদের মেধা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই।’

এসময় দৈ‌নিক গি‌রিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহ‌মেদ, জেলা প‌রিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অ‌ফিসার এস আই এম ফের‌দৌউস আলম, জেলা শিল্পকলা একা‌ডেমীর সা‌বেক সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, রাঙামা‌টি প্রতিব‌ন্ধি ও পুনর্বাসন কে‌ন্দ্রের পরিচালক নুরুল আবছার, সা‌বেক জেলা ক্রীড়া অ‌ফিসার স্বপন কি‌শোর চাকমা প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন।

এ উৎসবে রাঙামা‌টি প্রতিব‌ন্ধি ও পুনর্বাসন কে‌ন্দ্রের ১১২ জন শিক্ষার্থী অংশ নেয়।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল- বালক-বালিকাদের ১০০ ও ২০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশি তেমন সাজো, বালক-বা‌লিকা‌দের ভারসাম্য দৌড়, হুইল চেয়ার দৌড়, অ‌ভিভাবক‌দের বা‌লিশ বদল, ঝু‌ড়ি‌তে বল নি‌ক্ষেপ ও সংগীত পরিবেশনা। এছাড়া নতুন বছ‌রের শিক্ষার্থী‌দের মা‌ঝে বই বিতরণ করা হয়।

আরও পড়ুন