রাইখালী-বাঙ্গালহালিয়াতে ৩৫ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ৬

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় পৃথক অভিযানে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কাপ্তাইয়ের রাইখালীতে বিজিবি পাঁচজনকে এবং রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় পুলিশ একজনকে আটক করে।

গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৮ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করে বিজিবি। এ সময় দুই নারী ও তিন শিশুকে আটক করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ঢংছড়ি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার জহিরুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। পরে আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মদ রাত ৮টা ৪০ মিনিটের দিকে চন্দ্রঘোনা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

NewsDetails_03

অন্যদিকে, একই রাতে চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ কিরণ মালা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পাকা সড়কে অভিযান চালিয়ে এক কেজি ওজনের সাতটি প্যাকেটে রাখা সাত লিটার চোলাই মদ উদ্ধার করেন। অভিযানে এএসআই (এবি) মাহফুজুল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন