রাঙামাটির রাজস্থলী উপজেলায় সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।
নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়া ছড়া গ্রামের বাসিন্দা। তিনি বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।
গত শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজস্থলী-বিলাইছড়ি সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি বিলাইছড়ি থানার আওতাধীন এলাকায় ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা গেছে, খিয়োমা তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে রাজস্থলীর দিকে যাচ্ছিলেন। পথে পাহাড়ি সড়কে ওঠার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খিয়োমা তঞ্চঙ্গ্যা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।


