উন্নয়ন হতে হবে স্বচ্ছ, বৈষম্যহীন ও জনমুখী : চেয়ারম্যান দীপন তালুকদার

উন্নয়ন হতে হবে স্বচ্ছ, বৈষম্যহীন ও জনমুখী—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব‌নিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত নবগ‌ঠিত প‌রিষ‌দের প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় চেয়ারম্যান দীপন তালুকদার উপস্থিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে নতুন উদ্যম ও নতুন উদ্যোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে পরিকল্পনা, সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে সঠিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাঙামাটির স্থানীয় সম্পদকে পুরো দেশের জন্য ব্যবহারোপযোগী করে তুলতে হবে। এ ক্ষেত্রে জেলার মৎস্য, পর্যটন ও কৃষি খাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত এলাকায় কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

NewsDetails_03

চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের সব উন্নয়নমূলক প্রকল্প স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহা. রিজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ, শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মার্মা, পাইচিং মং মার্মা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মন, মো. তোফাজ্জল হোসেন, চন্দ্রা চাকমা, মো. ফারুখ আহমেদ ও নন্দিতা দাশ উপস্থিত ছিলেন।

সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। এ সময় জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, সমন্বিত, স্বচ্ছ ও জনমুখী করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন