রাঙামাটিতে ৪১ হাজার গাছ লাগাবে সড়ক ও জনপথ বিভাগ
রাঙামাটিতে ৪১ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। আজ বুধবার (০১ এপ্রিল) চট্টগ্রাম রাঙামাটি-চট্টগ্রাম মহা সড়কের যৌথ খামার এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকারের গৃহিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার সকাল ১১টায় সড়ক ও জনপথ বিভাগের রাঙামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদি ইকবাল গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসুচি উদ্বোধন করেন।

এ সময় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ বিভাগীয় প্রকৌশলী রনেল চাকমা, সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চাঙ্গা উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন সদর উপজেলা, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার সড়কের দুপাশে এবং অফিস কম্পাউন্ডের খালি জায়গায় আগামী পাঁচ বছরের ক্রমান্বয়ে ৪১ হাজার গাছের চারা রোপন করা হবে।
চলতি বছরে রোপন করা হবে ১ হাজার চারা পরবর্তি চার বছরে ১০ হাজার করে ৪০ হাজার গাছের চারা রোপনের পরিকল্পনার কথা জানান তিনি। গাছের চারার মধ্যে রয়েছে জারুল, পলাশ সোনালু, লাল সোনাই, চন্দ্রপ্রভা, কাঞ্চন, সাজিনা, নিম, মনিমালা বসন্ত মঞ্জুরি, আমলকি, মান্দার, বকুল জলপাই, আমড়া, বহেড়া হরিতকি, ছাতিম, নাগেশ্বর, পাকুর ইত্যাদি। রোপনকৃত গাছের চারা রক্ষণাবেক্ষণে কাজ করবে সড়ক বিভাগ।



