রাঙামাটিতে ৪৮ পরিবারকে দুর্যোগ মন্ত্রণালয়ের সহায়তার চেক প্রদান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তার অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসুস্থ ব্যক্তি এবং হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকা‌লে রাঙামাটি সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ৪৮টি পরিবারের মাঝে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হোসেন চৌধুরী। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক বিতরণকালে ইউএনও মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, সরকারের পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

সরকারের এ সহায়তা কর্মসূচি ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন