রামগড়ে ভার্চুয়ালি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—বর্তমান সরকারের এই নির্বাচনী অঙ্গীকার ও প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তৃতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ​বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় মৌলভীবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশের ১৯টি উপজেলায় একযোগে এই বিশেষ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সামঞ্জস্য রেখে রামগড় উপজেলাতেও কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

​ফ্যামিলি কার্ড বিতরন উপলক্ষে বিকেল ২টায় রামগড় ১নং ইউনিয়নের লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

NewsDetails_03

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ৪৫৬ জন সুবিধাভোগী পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন।ফ্যামিলি কার্ড পেয়ে আবেগে আপ্লুত রামগড়ের আনু মারমা ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির পুলিশ সুপার মুর্তজা আলী খান, রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ জেলা-উপজেলা বিএনপি পরিবার ও স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

​জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করেই এই কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হবে।

আরও পড়ুন