রামগড়ে অভিযানকালে গ্রামবাসীর হামলা, ইউএনও-সহ আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

আহতরা হলেন — রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নূর মোহাম্মদ, আনসার সদস্য মো. সালাউদ্দিন, রামগড় উপজেলা কার্যালয়ের গাড়িচালক কামাল হোসেন, অফিস সহকারী জয়নাল আবেদীন এবং গ্রামবাসী মো. আজাদ, সুমন, নূর হোসেন ও আবুল হাশেম।

NewsDetails_03

জানা যায়, দুপুর আড়াইটার দিকে পূর্ব বলিপাড়ার ৫-৬টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের আঁচ পেয়ে বালু উত্তোলনের পাম্প সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে সেচ পাম্প ও সরবরাহ পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে বালু কারবারিদের উসকানিতে স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়া হলে তিনজন গ্রামবাসী আহত হন।

এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, ভ্রাম্যমাণ আদালতের ওপর উত্তেজিত জনতা হামলা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন