বান্দরবানের লামা উপজেলায় লাকড়ি বোঝাই একটি ট্রাক ২০০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে চালক সহ ২ জন নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লামার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা ট্রাক চালক মো. আলমগীর (৩৫) ও পোয়াং বাড়ীর বাসিন্দা আনোয়ার হোসেন (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তিও।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে অবৈধ লাকড়ি বোঝাই করে ট্রাকটি ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নীচে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, শুক্রবার সকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এই ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



