১২ ঘণ্টার অভিযানে নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ তরুণী উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে নিখোঁজ হওয়া ২৩ বছর বয়সী এক তরুণীকে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার অভিযানে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন কলাতলী এলাকার ‘হাইপ্রিয়ান সীপাল’ আবাসিক হোটেলের ৬/সি নম্বর কক্ষে অভিযান চালিয়ে তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন, কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ ফাক্রিকাটা এলাকার শামসুল আলম (৩৩) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ঘাটপাড়া খরুলিয়া এলাকার শাহ আলম (৩৪)। শাহ আলমের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৫৩২৩ নম্বরের একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

NewsDetails_03

র‌্যাব সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি থেকে তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে র‌্যাব-১৫। অভিযোগ পাওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটকরা দীর্ঘদিন ধরে নারী অপহরণ ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। বিশেষ করে দুর্গম এলাকা থেকে তরুণীদের কৌশলে এনে পর্যটন এলাকায় নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের কাছে তারা ভদ্রবেশী হিসেবে পরিচিত হলেও আড়ালে অপহরণ ও পাচারচক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করত।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া তরুণীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন