বান্দরবানে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনে অর্জন ৯৭.৯৯ শতাংশ : সিভিল সার্জন

বান্দরবানের সিভিল সার্জন ডা.মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেছেন, বান্দরবানে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনে ৯৭.৯৯শতাংশ অর্জন সাধিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জেলার ৭ উপজেলায় ১০০ শতাংশ হাম ও রুবেলা টিকাদান সম্পন্ন করার কাজ চলমান রেখেছে স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বান্দরবানের স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে হাম-রুবেলা টিকাদন ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্সে এমন তথ্য জানান বান্দরবানের সিভিল সার্জন ডা.মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

NewsDetails_03

এসময় তিনি সাংবাদিকদের আরো বলেন, বান্দরবানে গত ২০এপ্রিল থেকে শুরু হওয়া হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৭ হাজার ২৮৮ জনকে আর এই পর্যন্ত ৭ উপজেলায় ৫৬ হাজার ১৩৬ জনকে টিকাদান সম্পন্ন হয়েছে।

এসময় সিভিল সার্জন বলেন, হঠাৎ করে সারাদেশেরমত বান্দরবানেও হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে আর আলীকদমে এই হামের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছে। এই পর্যন্ত জেলায় ২৫৩জন সন্দেহভাজন হামের রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ১৬ জনের শরীরে হামের উপস্থিতি পাওয়া গেছে আর হামে জেলায় ১জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের পরিমান কমানোর জন্য আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে অস্থায়ী স্বাস্থ্যক্যাম্প বসানো হয়ে বলে মন্তব্য করে সিভিল সার্জন এই সময়টা হাম-রুবেলার প্রাদুর্ভাব ঠেকাতে টিকা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে বিষয়টি ব্যাপক আকারে প্রচার করতে আহবান জানান।

এসময় বান্দরবানের সিভিল সার্জন ডা.মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্বাস্থ্যবিভাগের কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন