গুইমারার কুকিছড়ায় সেনা অভিযান : দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোনের অন্তর্গত গুইমারার কুকিছড়াপাড়া এলাকায় আজ ভোরে সেনাবাহিনী এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল আজ (৮ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।
অভিযান চলাকালে ইউপিডিএফ এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করা হয়। এ সময় সেখানে অবস্থানরত দুইজন ইউপিডিএফ সদস্য দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দিয়ে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। সেনাসদস্যরা তাদের ধাওয়া করলেও দুর্গম ভূপ্রকৃতির কারণে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ১টি দেশীয় পিস্তল, ১টি পাইপ গান, ৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


