দুর্নীতিকে কোনভাবেই প্রশ্রয় নয়—রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে শুদ্ধতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন—দুর্নীতি শুধু অর্থনীতিকে দুর্বল করে না, এটি সমাজে অবিচার, বৈষম্য ও অনৈতিকতার বিস্তার ঘটায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বচ্ছ বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সবখানে সততা ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে।

ডিসি আরও বলেন, তরুণরাই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। তাদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করে আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সফল হবো।
তিনি সরকারি সেবা গ্রহণে হয়রানি ও অনিয়ম প্রতিরোধে সবাইকে সচেতনভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, দুদক সমন্বিত দপ্তরের উপপরিচালক এস এম ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান, সনাক রাঙামাটির সভাপতি বাঞ্চিতা চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।



