রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আসামিরা হলেন, মোঃ সিরাজ হোসেন (২৮), মোঃ রাকিবুল (১৯), মোঃ মনির হোসেন (৩৫) ও মোঃ শহিদুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নিচে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন আসামিকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।



