বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, রাঙামাটির সব উপজেলা ও ইউনিয়নে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান ও ঘাগড়া বাজারে আয়োজিত পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, গত ১৫ বছর ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে যাবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দেবে।
তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে আধুনিক কারিগরি শিক্ষার বিকল্প নেই। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি কৃষিখাতে বিপ্লব ঘটাতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



