রাঙামা‌টি‌তে এনসিপি’র শতাধিক নেতাকর্মী বিএনপিতে

রাঙামা‌টি‌তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন প্রায় শতাধিক নেতা-কর্মী। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাঙামা‌টি‌ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এনসিপি রাঙামা‌টি‌ জেলা শাখার সিনিয়র সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে রাঙামা‌টি‌ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নবাগত নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামা‌টি‌ জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রধান নির্বাচন সমন্বয়কারী সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

NewsDetails_03

যোগদানকারী নেতা-কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন এনসিপি জুড়াছড়ি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সুরেশ কান্তি চাকমা। তিনি বলেন, তাঁরা আশা করেছিলেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের পক্ষে এবং ন্যায়ের রাজনীতিতে ভূমিকা রাখবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলটি মুক্তিযুদ্ধবিরোধী একটি রাজনৈতিক শক্তির সঙ্গে অবস্থান নেওয়ায় তাঁরা হতাশ হয়েছেন। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি রাজনৈতিক দলের সঙ্গে পথচলা অব্যাহত রাখার লক্ষ্যে তাঁরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন।

এসময় রাঙামা‌টি‌ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি দেশ ও গণতন্ত্র রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপিতে স্বেচ্ছায় যোগদান করায় নবাগত নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন