রাঙামাটিতে পুলিশের সম্প্রীতির মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে “সম্প্রীতি মিনি ম্যারাথন ও সম্প্রীতির হ্যান্ডবল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে প্রাণবন্ত পরিবেশে মিনি ম্যারাথনের উদ্বোধন হয় এবং দৌড়টি শেষ হয় রাঙামাটি মারি স্টেডিয়ামে। পরে একই স্টেডিয়ামে সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি’র যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়, এটি সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার শক্তিশালী প্রতীক। এ ধরনের আয়োজনে পুলিশ-জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হয়, যা সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙ্গামাটি জেলা পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, জেলা পুলিশ শুধুমাত্র আইন-শৃঙ্খলা নয়, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে।
সম্প্রীতি হ্যান্ডবল ম্যাচে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৮-২ গোলের বড় ব্যবধানে সমন্বিত স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিবৃন্দ মিনি ম্যারাথনের বিজয়ী ও হ্যান্ডবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন-রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



