রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে এতে উল্লেখ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষাসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ও প্রশাসনিক ব্যবস্থা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নতুন সময়সূচি নির্ধারণ করা হবে।
এর আগে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে স্থগিতের দাবি তুলেছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদসহ বিভিন্ন সংগঠন।
এক যৌথ বিবৃতিতে রাঙামাটি ওয়ার্কাস পার্টি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয় নাগরিক পার্টি, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন,, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ নেতৃবৃন্দরা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক।
তাঁরা অভিযোগ করেন, জেলা পরিষদের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কোটার উল্লেখ নেই এবং শুন্যপদের সংখ্যাও পরিষ্কারভাবে জানানো হয়নি। সরকার কর্তৃক নির্ধারিত ৭ শতাংশ কোটা বিধান উপেক্ষা করে পরিষদ কর্তৃপক্ষ ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি কোটা অনুসারে নিয়োগ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা দুঃখজনক।



