সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বান্দরবানের পাহাড়ি জনপদে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সায়েম আহমেদ, পিএসসি,জোন উপ-অধিনায়ক, বান্দরবান সদর জোন;

এছাড়াও উপস্থিত ছিলেন মেজর পারভেজ রহমান, জিএসও-২, বান্দরবান রিজিয়ন সদর দপ্তর;
মারুফা সুলতানা খান হীরামনি, ইউএনও, বান্দরবান সদর, ক্যাপ্টেন সামিউল ইসলাম, জিএসও-৩, বান্দরবান রিজিয়ন সদর দপ্তর; আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি, বান্দরবান প্রেস ক্লাব; মোঃ রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার, বান্দরবান; আজহারুল ইসলাম বাবুল, সভাপতি, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ , মোঃ রফিকুল আলম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, বান্দরবান-সহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে রয়েছে বান্দরবান সদর জোন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে বান্দরবান জেলা প্রশাসন, বান্দরবান ফুটবল ফেডারেশন, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতা প্রদান করছে।

NewsDetails_03

উদ্বোধনী দিনে বিকাল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে রোয়াংছড়ি উপজেলা বনাম রুমা উপজেলা (পুরুষ দল)-এর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়।

“সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬”-এর মূল লক্ষ্য হলো ক্রীড়াকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মধ্যে থেকে তরুণ উদীয়মান প্রতিভার অন্বেষণ, বাফুফে প্রতিনিধি কর্তৃক যাচাই বাছাই সাপেক্ষে, এছাড়াও পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং তরুণ সমাজকে সুস্থ, ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বান্দরবানের মানুষের পাশে থেকে নিরাপত্তা, মানবিক সহায়তা, জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে উপস্থিত দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায়।

খেলাধুলায় সম্প্রীতি, সম্প্রীতিতে সমৃদ্ধি”—এই প্রত্যয়ে “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬” বান্দরবানের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন